বিজয় দিবস উপলক্ষে মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

মহান বিজয় দিবস উপলক্ষে মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ সবার জন্য উন্মুক্ত রাখা হয়।

গতকাল রোববার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিগরাজ নৌঘাঁটিতে বিএনএস করতোয়া জাহাজটি জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ জাহাজ এবং জাহাজটিতে থাকা যুদ্ধসরঞ্জাম ঘুরে দেখার জন্য সেখানে ভিড় করেন। নৌবাহিনীর নাবিকরা দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার ও প্রদর্শনী সম্পর্কে ধারণা দেন।

দর্শনার্থীদের দীর্ঘ লাইনে শিশু, শিক্ষার্থী ও নারীদের উপস্থিতি ছিল বেশি। প্রভাষক মো. সাইদুজ্জামান মিন্টু বলেন, পরিবারের সদস্যদের নিয়ে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখার সুযোগ পাওয়ায় আমরা সবাই খুব খুশি ও আনন্দিত। বিশেষ করে বাচ্চারা খুব খুশি হয়েছে। কারণ ওদের মধ্যে যুদ্ধজাহাজ দেখা নিয়ে বেশ কৌতূহল ছিল। একমাত্র ছেলে তন্ময় চন্দকে নিয়ে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রুমা হীরা। তিনি বলেন, তন্ময় স্কুল থেকে শুনেছে বিজয় দিবসে নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত রাখা হবে। সেই থেকে এই দিনটির জন্য অপক্ষো করছিল সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত