আল্লাহর রহমতে আজ তারা হামলা করতে পারেনি: আব্বাস

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ০৯:২৫ পিএম

অপেক্ষায় থাকার পরও ‘ক্ষমতাসীনরা হামলা চালাতে পারেনি’ অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা- ৮ আসনের  ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমি সেই সুযোগটা তাদের দেইনি। আজ (শুক্রবার) তারা সেই সুযোগ পায়নি। আজ তাদের সমস্ত প্ল্যান ভেস্তে গেছে।’

শুক্রবার দুপুরে তার নির্বাচনী এলাকা শাজাহানপুর, শান্তিনগর ও রাজারবাগ এলাকায় গণসংযোগ ও প্রচার মিছিল করার সময় তিনি এসব কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, মাঠের অবস্থা ভালো না। আমরা প্রচারণা চালাচ্ছি গেরিলা কায়দায়, চোরাগোপ্তাভাবে।

প্রচারণার পরিবেশ নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমি খবর পেলাম ওরা (ক্ষমতাসীন) প্রায় দেড়শ মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় অপেক্ষা করছে। আমরা যেদিকে যাবো ওরা সেদিকে হামলা চালাবে’।

ক্ষমতাসীনদের সব চক্রান্ত ছিন্ন হয়ে যাবে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা দেখেছেন, আমরা কয়জন লোক নিয়ে মিছিল শুরু করেছিলাম আর কয়জন লোক নিয়ে মিছিল শেষ করলাম। জনগণের স্রোতের মুখে, তাদের সব চক্রান্ত ছিন্ন হয়ে যাবে।’

হামলার ঘটনার কথা উল্লেখ করে মির্জা আব্বাস আরও বলেন, ‘ইসিতে অভিযোগও করেছি। ইসির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইসি মনে হয় কথা বলতেও জানে না, কানেও শোনে না। তারা বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড আছে। রাজধানীতে ধানের শীষের প্রার্থীদের জনপ্রিয়তা কোনও অংশেই কম নয়। আপনারা খেয়াল করলে দেখবেন, রাস্তার পাশের মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিল। মানুষগুলো আতঙ্কিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত