সকাল থেকে মধ্যরাত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের দুটি উপজেলায় ছুটে চলছেন এবারের সংসদ নির্বাচনে বহুল আলোচিত প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। লোকজন তাকে দেখে সমবেত হলেই তাদের সঙ্গে কুশল বিনিময়, সেলফি তোলা আর ফাঁকে ফাঁকে সমবেতদের উদ্দেশ্যে বক্তৃতা করছেন তিনি। অঙ্গীকার করছেন এমপি হলেও বদলে যাবেন না তিনি, এখন যেমন আছেন, পরেও তেমনি থাকবেন।
কেমন প্রচারণা চলছে জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘হুস পাচ্চিনে, দিনরাত মানষের মদ্দেই আচি। দুই উপজেলার মানুষ খালি এক লজর হামাক দেকপের জন্ন্যি ছুটে আসিচ্চে। ভোট করবের না আসলে বুজবের পারনোনাহিনি মানুষ হামাক এতো ভালোবাসে, পচন্দ করে।’
অপর প্রার্থীদের বিষয়ে তার মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, ‘তারা তারকেরে মতোন ভোট করিচ্চে, হামি হামার মতোন। তারা তো কেউ হেবিওয়েট ক্যান্ডিটেড লয়, হামিই এটি হেবিওয়েট ক্যান্ডিডেট। হামি জিরো থ্যাকে হিরো। ভোটোতও সেটি মানুষ পোরমান করে দিবি।’
শুক্রবার দিনভর তিনি নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় প্রচার চালান হিরো আলম। বিকেলে তিনি নন্দীগ্রাম উপজেলার হাটজুম্মা মাদ্রাসা মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন। এছাড়া একই উপজেলার কল্যাণনগর বাজার হাটকড়ই, বিজরুল ও সান্তা গ্রামে এবং কাহালু উপজেলার জামগ্রাম ও উপজেলা সদরে তার সিংহ মার্কার প্রচার চালান।
