বেড়েছে চালের দাম, স্বস্তি নেই মুরগি-সবজিতে

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বিরূপ আবহাওয়া ও নির্বাচনের প্রভাব পড়েছে বাজারে। দেখানো হচ্ছে সরকারের চাল বিক্রির কারণও। এদিকে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বাজারে সবজির সরবরাহ বাড়লেও কমেনি দর।

গতকাল শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, কারওরান বাজার, মোহাম্মদপুরের বাজারগুলো ঘুরে দেখা গেছে, ভালো মানের চাল প্রতি কেজিতে ২ টাকা বেড়েছে। মিনিকেট ৫১-৫২, নাজিরশাইল ৫৬-৫৮ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া বিআর-২৮ চাল ৪৫ এবং মোটা স্বর্ণা ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারের চাল ব্যবসায়ীরা বলছেন, বাজারে মোটা চালের সরবরাহ কমে গেছে। ফলে চালের দাম কিছুটা বাড়তির দিকে। তারা আরো বলছেন, গত সপ্তাহে দুদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে মিল-মালিকরা চালের সরবরাহ কমিয়ে দেন। এছাড়া নির্বাচনের আগে ও পরে চালকলগুলো বেশকিছু দিন বন্ধ থাকতে পারে। ফলে কিছু মিল-মালিক ও ব্যবসায়ী চাল মজুদ করছেন। যার প্রভাব পড়েছে খুচরা ও পাইকারি বাজারে। অন্যদিকে মিল-মালিকরা বলছেন, সরকার চালের পাশাপাশি আমন ধান সংগ্রহ করছে। এর প্রভাব পড়েছে চালের বাজারে। মিরপুর-১ নম্বর কাঁচাবাজারের চাল ব্যবসায়ী শাকিল বলেন, সরকার ৩৬ টাকা দরে মোটা চাল কিনছে। ফলে মিল-মালিকরা পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন।

এদিকে রাজধানীর কাঁচাবাজারগুলো শীতকালীন সবজিতে ভরপুর থাকলেও দাম কমছে না। শীত আসার শুরুতে ব্যবসায়ীরা বলে আসছিলেন, শীত যত বাড়বে সবজির দামও কমবে। কিন্তু এর কোনো প্রতিফলন সবজি বাজারে দেখা যায়নি। প্রতি কেজি টমেটো ৬০-৮০, গাজর ৫০-৬০, শিম ৪০-৬০, করলা ৪০-৫০, ঢেঁড়স ৫০-৬০, মুলা ৩০, বিভিন্ন জাতের বেগুন ৩০-৬০, কচুর লতি ৪০-৫০, শালগম ৩০, নতুন আলু ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ২০-৩০, লাউ ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে। আদা এখনো কিছুটা বাড়তি দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর বাজারগুলোতে মুরগির দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহের চেয়ে যা কেজিতে ৫ থেকে ১৫ টাকা বেশি। বিক্রেতা ও ভোক্তারা বলছেন, সাধারণত শীতের মৌসুমে মুরগির দাম কমে। কিন্তু হঠাৎ কেন দাম বাড়ল? সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেননি ব্যবসায়ীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত