পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল ভোটের মাঠে নেমেছেন। কুমিল্লা (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) নিয়ে গঠিত কুমিল্লা ১০ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী লোটাস কামাল।
বিভিন্ন পথসভা, গণসংযোগ, উঠান বৈঠকসহ নানান রকমের নির্বাচনী ব্যস্ততায় দেখা গেছে নাফিসা কামালকে। তার এই প্রচারণায় বাবার জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। কারণ কুমিল্লার তরুণ ভোটারেরাই এখন কুমিল্লার রাজনীতিতে টার্নিং পয়েন্ট। নাফিসা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএলে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান। ক্রিকেটের সুবাদে তরুণদের কাছে এক পরিচিত নাম নাফিসা কামাল। তরুণ ভোটারদের অনেকের দুর্বলতাও বলা যায় তাকে। তাই কুমিল্লার তরুণ ভোটারদের বেশির ভাগই নাফিসার দিকনির্দেশনা মানবেন বলে আশা করা যাচ্ছে। শুধু তরুণ ভোটারই নয়, বিভিন্ন গোলযোগের মাধ্যমে পৌঁছে যাচ্ছেন সকল ভোটারদের দুয়ারে। প্রতিটি পৌরসভা, প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ডে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করতে দেখা গেছে তাঁকে।
নাফিসা কামাল গণসংযোগকালে বলেন, বিগত ১০ বছরে বাংলাদেশের চিত্র কতটুকু পরিবর্তন হয়েছে তা আপনারা ভালো করেই জানেন। দক্ষিণ এশিয়ার বিস্ময় রূপে প্রতীয়মান হয়েছে বাংলাদেশ। আর্থ-সামাজিকের বেশির ভাগ সূচকে এগিয়ে গেছি আমরা। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের প্রত্যেকটা ক্ষেত্রে সম্মান দিয়েছেন। আগে নারীরা ঘরের বাইরে বের হতে পারতো না। কিন্তু এখন নারীরা অনেক কিছু করছে। তারা নিজেরাই প্রতিষ্ঠিত হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, আগে গ্রামে বৃষ্টি হলে রাস্তায় পা রাখা যেতো না। আর এখন ঝড়-বৃষ্টির মধ্যেও পাকা রাস্তা দিয়ে কর্মস্থলে থেকে বাড়ি ফেরেন। বিগত সরকারের সময় কি ছিল এ গ্রামাঞ্চল আর এখন আওয়ামী লীগ সরকার এসে আপনাদের কতটুকু পরিবর্তন হয়েছে তা আপনারা নিজেরাও জানেন।
নাফিসা কামাল আরও বলেন, আমি মুস্তফা কামালের মতো একজন মানুষের সন্তান হয়ে গর্ববোধ করি। কারণ তিনি আমাদের থেকে আপনাদের জন্যই বেশি সময় ব্যয় করেছেন। তবুও যতটুকু সময় তিনি আমাদের দেন, তাতেই আমরা তার মমত্ববোধে ধন্য, গর্বিত।
