আইনশৃঙ্খলা রক্ষায় সব করবে সেনাবাহিনী: সিইসি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০২:৪৯ পিএম

নির্বাচনী দায়িত্বে সেনা সদস্যরা মাঠে নামায় ভোটারদের মধ্যে আস্থা বাড়বে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী যে কোনো দায়িত্ব পালন করবে।

সোমবার সকালে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মক ভোটিং কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, সেনাবাহিনী মোতায়েনের ফলে ভোটারদের মনে আস্থা ফিরে আসবে। সেনাবাহিনী মোতায়েনের উদ্দেশ্যই হলো- ভোটারদের মনে আস্থা তৈরি করা।

সিইসি বলেন, এ সুযোগে আমি সব রাজনৈতিক দলের কাছে বিনীতভাবে অনুরোধ করি, নির্বাচন যেন নির্বাচনের মতো হয়। সহিংসতা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, তর্ক-বিতর্ক, হাঙ্গামা পরিহার করে কেবল নির্বাচনী প্রচারণার মাধ্যমে নির্বাচনে নিবদ্ধ থাকার জন্য অনুরোধ করি।

তিনি বলেন, সেনাবাহিনী আসায় এটা আরও সহায়ক হবে। আমি বিশ্বাস করি, অপ্রীতিকর সবকিছু এখন থেকেই নিয়ন্ত্রণ হবে।

সেনাবাহিনী সব ধরনের দায়িত্ব পালন করবে উল্লেখ করে সিইসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী যে কোনো দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, সেনাবাহিনীর সামনে যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যা নিয়ন্ত্রণের প্রয়োজন, তখন তারা নিজ উদ্যোগে সেখানে গিয়ে সে পরিস্থিতি সংযত করবে। এগুলোর আইন আছে। ‘এইড টু সিভিল পাওয়ার’-এর আলোকে তারা ব্যবস্থা গ্রহণ করবে।

এক প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ইভিএম পরিচালনার দায়িত্বে থাকবেন নির্বাচন কমিশনের কর্মকর্তারাই। তাদেরকে সহযোগিতা করতে সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত চৌকস কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে আমি এখনো ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলিনি। এখান থেকে ফিরে আমি কথা বলব।”

“এগুলো তো আইনশৃঙ্খলার বিষয়। ডিএমপি এসব ভালো বোঝে। আমরা এগুলো তেমন জানি না। জনসভা ঘিরে কোনো হুমকি আছে কিনা, কোনো শঙ্কা আছে কিনা আমি তা আলাপ করে দেখব” যোগ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত