স্ত্রীকে নোকিয়া-৩৩১০ সেট উপহারের মর্মস্পর্শী গল্প

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:১৭ পিএম

আঠারো বছর আগে স্ত্রীর জন্য উপহার কিনেছিলেন এক ফিলিস্তিনি তরুণ। কিন্তু প্রিয় মানুষকে সেই উপহারটি দেওয়ার আগেই ইসরায়েলি বাহিনী অন্যায়ভাবে তাকে আটক করে নিয়ে যায়। দীর্ঘ দেড় যুগ ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন তিনি। এরপরও হাতছাড়া করেননি স্ত্রীর জন্য কেনা উপহার।

মিডলইস্ট মনিটর এই ফিলিস্তিনি যুগলের এমন গল্প তুলে আনে এক প্রতিবেদনে।

গত ১২ ডিসেম্বর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান ইমাদ আল-দিন আল সাফতাবি। ঘরে ফিরেই তিনি স্ত্রীর হাতে তুলে দেন সেই উপহার। সেটি ছিল নোকিয়া-৩৩১০ মডেলের ফোন।

বর্তমান স্মার্টফোনের যুগে এ ধরনের ফোনের আবেদন বলতে গেলে ফুরিয়েই গেছে। কিন্তু এই ফোনের সঙ্গে যে জড়িয়ে গেছে মর্মস্পর্শী এক স্মৃতি।

জানা গেছে, ২০০০ সালে দুবাই থেকে ফেরার সময় গাজার রাফা সীমান্তে ইমাদকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ইসরায়েলি দখলদার বাহিনী। দুবাই থেকে স্ত্রীর জন্য কিনেছিলেন সেই ফোনটি। তবে কারাগারে গিয়েও ফোনটি ছাড়েননি তিনি। বুধবার গাজায় ফিরেই ইমাদ স্ত্রীর হাতেই তুলে দেন সেটি।

ইমাদের এ গল্প ছড়িয়ে পড়ে তার কিশোরী মেয়ের টুইটার বার্তার মধ্যে দিয়ে। মেয়ের জন্মের সময় ইসরায়েলিদের হাতে বন্দি ছিলেন ইমাদ। এরমধ্যে তার বয়সও হয়ে গেছে প্রায় ১৮ বছর।

ইমাদের মেয়ের এই টুইটার ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। অনেককেই এতে আবেগঘন কমেন্ট করতে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত