মমিনুল-ইয়াসিরের সেঞ্চুরি, নাঈমের ৮ উইকেট

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৫ পিএম

দ্বিতীয় ইনিংসে সমান তালে ব্যাট চালালেন মমিনুল হক ও ইয়াসির আলি। তাদের দাপুটে ব্যাটিংয়ে বিশাল লক্ষ্য পাওয়ার পর বোলিংয়ে দ্যুতি ছড়ালেন অফস্পিনার নাঈম হাসান। তাতে বিসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে বিশাল এক জয় পেল পূর্বাঞ্চল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের জয়টা ৩২১ রানের। ৪৫৬ রানের লক্ষ্য তাড়ায় নাজমুল হোসেন শান্তর মধ্যাঞ্চল গুটিয়ে যায় ১৩৪ রানে।

বিনা উইকেটে ২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা পূর্বাঞ্চল শুরুতেই হারায় ইমরুল কায়েসকে। আগের দিন ১ রান করা এই ওপেনার আর ৭ রান করতেই তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউর শিকার হন।

লম্বা ইনিংস খেলার সম্ভাবনা জাগিয়েও পারলেন না রনি তালুকদার। ২৭ বলে ২৪ রান করা এই ওপেনারকে ফেরান শাহাদাত হোসেন। তৃতীয় উইকেট জুটিতে দাঁড়িয়ে যান মমিনুল-ইয়াসির। মোশাররফ হোসেনের বলে ভাঙে ১৭৫ রানের এই জুটি।

তিন অঙ্ক স্পর্শ করতেই উইকেট ছাড়া হন মমিনুল। ১০৬ বলে ১০০ রান করতে নয়টি চার ও একটি ছক্কা হাঁকান পূর্বাঞ্চলের অধিনায়ক। দলটির রান তখন তিন উইকেটে ২২১।

মুমিনুলের আউটের কিছুক্ষণ পরই শতকের দেখা পেয়ে যান ইয়াসিরও। তার সেঞ্চুরির পরপরই ৩ উইকেটে ২৫৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল। ১০৯ বলে ১০ চার ও দুই ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন ইয়াসির। ১৫ রানে অপরাজিত থাকেন জাকির হাসান।

বিশাল লক্ষ্য তাড়ায় নাঈমের ঘূর্ণিতে ১৩৪ রানেই অলআউট হয়ে যায় মধ্যাঞ্চল। বড় ইনিংস খেলতে পারেননি দলটির কোনো ব্যাটার। গড়তে পারেনি বড় কোনো জুটি। থিতু হয়ে ফিরেছেন সাইফ হাসান, নাজমুল হোসেন ও মার্শাল আইয়ুব। বাকিদের মধ্যে কেউই ১৩ রানের বেশি করতে পারেননি।

নাঈম ৮ উইকেট নিতে ২০ ওভারে দিয়েছেন ৪৭ রান। প্রথমশ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। দুটি উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি।

সংক্ষিপ্ত স্কোর:

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৪২৫

মধ্যাঞ্চল ১ম ইনিংস: ২২৪

পূর্বাঞ্চল ২য় ইনিংস: (আগের দিন ২/০) ৪৩ ওভারে ২৫৪/৩ ইনিংস ঘোষণা (রনি ২৪, ইমরুল ৮, মমিনুল ১০০, ইয়াসির ১০১*, জাকির ১৫*; তাসকিন ১/৩৭, আবু হায়দার ০/৩৫, শাহাদাত ১/১৯, মোশাররফ ১/৮৯, মোসাদ্দেক ০/৭০)

মধ্যাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্য ৪৫৬) ৪২.২ ওভারে ১৩৪ (সাইফ ৩১, পিনাক ০, শান্ত ৩৬, মজিদ ১১, মার্শাল ১৬, মোসাদ্দেক ৭, জাকের ১৩, মোশাররফ ১১, আবু হায়দার ৪, তাসকিন ২*, শাহাদাত ০; তাইজুল ইসলাম ০/৬৪, নাঈম ৮/৪৭, খালেদ ০/১২, আবু জায়েদ ২/৮)

ফল: ৩২২ রানে জয়ী পূর্বাঞ্চল

ম্যাচ সেরা: নাঈম হাসান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত