পায়রা বন্দর পর্যন্ত রেললাইন চালু করতে চাইলে নৌকায় ভোট দিতে বললেন আওয়ামী লীগ প্রার্থী এড. মো. শাহজাহান মিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকিতে নৌকার সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মহাজোটের প্রার্থী আরো বলেন, ‘দক্ষিণাঞ্চলের উন্নয়ন- পায়রা বন্দর, লেবুখালী সেতু, ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র, পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত রেল লাইন বাস্তবায়ন করতে হলে তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন।
জেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত হলে চলমান উন্নয়নের ধারায় জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চল হবে বাংলাদেশের দ্বিতীয় সিঙ্গাপুর।
সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. নুরুল হক তালুকদার, এড. হারুন অর রশিদ হাওলাদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে কেবল তখনই দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় গেলে অগ্নি-সন্ত্রাস, বাংলাভাই, গ্রেনেড হামলা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে, লুটপাট শুরু হয়। এদেশের মানুষ আর জঙ্গিবাদ চায় না, তাই স্বাধীনতা বিরোধী জঙ্গি জোটের ধানের শীষ হটাতে নৌকায় ভোট দিতে হবে।
এসময় উন্নয়ন-অগ্রগতির স্বার্থে শেখ হাসিনার নৌকায় সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহবান জানান।
