কিশোরগঞ্জের বাজিতপুরে গতকাল বৃহস্পতিবার নির্বাচনী সহিংসতা ঠেকাতে পুলিশ-বিজিবির ছোড়া ফাঁকা গুলির শব্দে আতঙ্কিত হয়ে শহীদ মিয়া (৭০) নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সরারচর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বাজিতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে সরারচর নতুন বাজার এলাকায় কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান ইকবালের বাড়ির সামনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে অন্তত ৯০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি শফিকুল জানান, এসব গুলির শব্দে গুরুতর অসুস্থ হয়ে পড়া শহীদ মিয়াকে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী মুজিবুর রহমান ইকবাল বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। নেতাকর্মীরা আমার বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে বাড়িতে থাকা আমার লোকজন প্রতিবাদ করতে গেলে সংঘর্ষের রূপ নেয়। পরে বিজিবি ও পুলিশ এসে প্রায় ১৫০ রাউন্ড গুলি ছুঁড়ে এতে এলাকাবাসী ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান রহমান খালেদ বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
