‘সেনাবাহিনীকে মাঠে নামিয়ে হাত-পা বেঁধে রেখেছেন সিইসি’

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সেনাবাহিনীকে মাঠে নামিয়ে হাত-পা বেঁধে রেখেছেন সিইসি। তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। এগুলো সবই হচ্ছে প্রধানমন্ত্রীর ইশারায় এবং সিইসির তত্ত্বাবধানে।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের গুণ্ডামিতে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের মিছিলে বাধা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নির্বাচনী এজেন্ট, কর্মী ও সমর্থকদের এলাকাছাড়া করেছে। সারাদেশে এখনও ভীতিকর অবস্থা বিদ্যমান।’

‘গণজোয়ার সৃষ্টি হয়েছে, এবারে ভোট বিপ্লব হবে দুর্নীতি আর সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে,  কেন্দ্র পাহাড় দিয়ে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা হবে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘নানা কারণে বাংলাদেশের নদ-নদীর উজানে পানির প্রবাহ কমে গেছে। আগে যে পদ্মাকে প্রমত্ত পদ্মা বলা হত এখন গরুর গাড়িতে করেও পদ্মা নদী পার হওয়া যায়। সুতরাং গণজোয়ারের যে কথা বলেছেন ওবায়দুল কাদের, সেই জোয়ার নদী আর সমুদ্রের মোহনায় নেই, সেই জোয়ার এখন ওবায়দুল কাদেরের মুখে চলে এসেছে। আর অরজিনালি যেখানে জোয়ার থাকার কথা সেখানে শূন্য বালির চর।’

তিনি বলেন, ‘শুধু চর নয়, নির্বাচনে নদীসহ চর দখল করবে বলেই জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে।’

প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, আদালত কারো টু শব্দ করার উপায় নেই উল্লেখ করে রিজভী বলেন, ‘রাষ্ট্রশক্তি সম্পূর্ণভাবে শেখ হাসিনার হাতের মুঠোয়। টু শব্দ করলে পরিণতি কি হবে তারও দৃষ্টান্ত ইতোমধ্যে তিনি স্থাপন করেছেন।’

রিজভী আরো বলেন, ‘গত ৮ নভেম্বর ২০১৮ তফশিল ঘোষণার পর হতে গত বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত মোট গ্রেপ্তার ১০৩২৯ জন নেতাকর্মী, গায়েবী ও মিথ্যা মামলার সংখ্যা ৮৪৪টি। মোট হামলার সংখ্যা ২৮৯৬, মোট আহতের সংখ্যা ১৩২৫২ জন, মৃতের সংখ্যা ৯ জন। শুধু গত বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বানোয়াট  মামলা দায়ের হয়েছে ৩৮টি, গ্রেপ্তার করা হয়েছে ১১২৭ জন নেতাকর্মী, হত্যা করা হয়েছে ১ জনকে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত