সিরাজগঞ্জের ছয়টি আসনে আওয়ামী লীগের ছয় প্রার্থী ছাড়া আর সবার জামানত বায়েজাপ্ত হয়েছে। সোমবার জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন দেশ রূপান্তরকে জানান, সিরাজগঞ্জের মোট ২৫ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনের মোট ভোটারের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বায়েজাপ্ত হয়। সে হিসাবে সিরাজগঞ্জের ছয়টি আসনে নৌকার ছয়জন বাদে বাকি ২৫ প্রার্থীর জামানত বাবদ ২০ হাজার টাকার পুরোটাই বায়েজাপ্ত হয়েছে। জামানত বায়েজাপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে আছেন ধানের শীষ প্রতীকে নির্বাচন করা সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাও।
সিরাজগঞ্জ-১ আসনে নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ নাসিম হারিয়েছেন কনকচাঁপাকে। সিরাজগঞ্জ-২ আসনে জিতেছে ডা. হাবিবে মিল্লাত মুন্না। সিরাজগঞ্জ-৩ এ ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ এ তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ থেকে আব্দুল মমিন মণ্ডল এবং সিরাজগঞ্জ-৬ আসনে জয়ী হয়েছেন হাসিবুর রহমান স্বপন।
