ভারতের পর্যবেক্ষকেরা সরকারের পরিকল্পনার অংশ হিসেবে এসেছে: বিএনপি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:২৯ পিএম

একাদশ সংসদ নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষকরা সরকারের পরিকল্পনার অংশ হিসেবে এসেছে বলে দাবি করেছে বিএনপি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে কোনো পর্যবেক্ষক আসেননি। যারা এসেছেন তারা সরকারের পেইড এজেন্ট। বিদেশি পর্যটক আসার বিষয়টি আওয়ামী লীগের আইওয়াশ। ভারতের যে কয়জন এসেছে তারা পর্যবেক্ষক হিসেবে নয়, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সুপরিকল্পিত একটি নির্বাচন হয়েছে। এ নির্বাচন অত্যন্ত কলঙ্কজনক। তাই এই নির্বাচন অবিলম্বে বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। সে নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্থায়ী কমিটির বৈঠকের পর গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোট নেতাদের নিয়ে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে করে বিএনপি মহাসচিব সরাসরি চলে যান মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে।

তবে বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আলাপ করে শপথ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। স্থায়ী কমিটির কোনো কোনো সদস্য বিরতি দিয়ে আন্দোলন সংগ্রামের কর্মসূচি দেওয়ার বিষয়ে মত দিয়েছেন।

তিনি বলেন, বৈঠকে স্থায়ী কমিটির এক সদস্য নির্বাচনের আগে কয়েক দিন ধরে ফোন না ধরার জন্য বিএনপি মহাসচিবের সমালোচনা করেন। ফোন না ধরার বিষয়টি ভালোভাবে নেননি বলেও জানান স্থায়ী কমিটির ওই সদস্য।

মির্জা ফখরুল সাংবাদিকদের আরো বলেন, বিএনপি থেকে যারা এবার নির্বাচিত হয়েছেন তারা সংসদ সদস্যদের শপথ গ্রহণে অংশ নেবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত