পড়ালেখায় উৎসাহ দেওয়া ও ঝরে পড়া রোধে পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে নতুন বইয়ের সঙ্গে স্কুলব্যাগও বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ধানখালীর কলেজ বাজারে ব্যাগ বিতরণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে। দুইশ শিক্ষার্থীকে বই ও ব্যাগ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ তালুকদার, পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহীন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদ রিপন, ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজল মিয়া, শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।
গত মঙ্গলবার সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করে সরকার। এবার প্রায় সাড়ে চার কোটি শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে ৩৫ কোটি ২১ লাখ বই। দেশের প্রত্যেকটি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিসেম্বরের শেষ দিকে বই পাঠানো হয়। কয়েক ধাপে বইগুলো নানা শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।
