নরসিংদীতে নিখোঁজের তিন মাস পর পারভেজ (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে জেলার পলাশ উপজেলার দড়িচরের একটি আখক্ষেত থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়। এর আগে ভোরে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ এ অভিযান চালায়। নিহত পারভেজ একই উপজেলার গুচ্ছগ্রাম এলাকার তাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিল বলে জানিয়েছে পুলিশ। অভিযানে অংশ নেওয়া শিবপুর মডেল থাকার এসআই রফিকুল ইসলাম জানান, গত বছর ৭ অক্টোবর বাড়ি থেকে পারভেজ নিখোঁজ হয়। কোথাও সন্ধান না পেয়ে তার বাবা প্রথমে পলাশ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তিনি বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় এর আগে বাবুসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ।
×
