ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লাকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী ১৪ জানুয়ারি পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। রাত পৌনে ৭টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।এ সময় কারাফটকে বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
হেদায়েৎ হোসেন মোল্লার আইনজীবী অ্যাডভোকেট মাছুম বিল্লাহ জানান, হেদায়েৎ হোসেন মোল্লা ব্রেন স্ট্রোকে আক্রান্ত ছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি অসুস্থবোধ করায় বটিয়াঘাটা থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। বিকেল ৪টার দিকে তাকে খুলনা কারাগারে প্রেরণ করা হয়।
এরপর বিকেলে তার জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হয়। আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় গত বুধবার জিজ্ঞাসাবাদের জন্য খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাস এ সাংবাদিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাংবাদিক হেদায়েৎ মোল্লার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট মাছুম বিল্লাহ।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত মঙ্গলবার বিকেলে নগরীর গল্লামারী এলাকা থেকে সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্লাকে বটিয়াঘাটা থানা পুলিশ গ্রেপ্তার করে বলে জানায়।
৩০ ডিসেম্বর রাতে খুলনার রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ওই ফলাফলে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মোট ভোটারের চেয়ে ২২ হাজারেরও বেশি ভোট গ্রহণ হয়েছে মর্মে বাংলা ট্রিবিউন ও দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
এ ঘটনায় গত মঙ্গলবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে বটিয়াঘাটা থানায় করে মামলা দায়ের করেন। ওই মামলায় সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অপর আসামি হলেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলাম।
