নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক আখ্যায়িত করে বলেন, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এটি একটি ঐতিহ্য সৃষ্টি করবে।
বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কর্মকর্তাদের ধন্যবাদ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এই নির্বাচন ধরে পরবর্তী ইতিহাসে যে নির্বাচনের ধারা আসবে, তা সময়ে হয়ত ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে।
মাহবুব তালুকদার বলেন, আপনারা জানেন আমাদের নির্বাচনে কোনো ধারাবাহিকতা নেই। কিংবা ছিলে না। আমরা কখনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছি, কখনো সেনা সমর্থিত সরকারের অধীনে নির্বাচন করেছি, কখনো নির্বাচন করেছি দলীয় সরকারের অধীনে- কিন্তু তা অংশীদারিমূলক হয়নি। এই প্রথম একটি অংশীদারমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পেরেছি। এই নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি ঐতিহ্য সৃষ্টি করবে।
তিনি বলেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই প্রধান নির্বাচন কমিশনারকে। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং যোদ্ধার মতো তিনি এ বিশাল কর্মযজ্ঞে সবাইকে নেতৃত্ব দিয়েছেন। অন্যান্য নির্বাচন কমিশনার যাদের সঙ্গে আমার প্রতিদিন দেখা হয়। এবং এটা একটা আমি বলব, অপরিসীম অনুগ্রহ, আমি যাদের সঙ্গে দুই বছরের কাছাকাছি সময় পার করেছি, আরো তিন বছর কাজ করতে পারব আশা করি এবং তাদের সঙ্গে আমার যে সম্পর্ক, এ সম্পর্ক এত নিবিড়, এটি কর্মক্ষেত্রে কখনো হয়নি। হওয়া সম্ভব না।
