রোববার থেকে দুটি কোর্টে চলবে আপিল বিভাগের বিচার কাজ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০৯:০১ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি কোর্ট গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হেসেন। বৃহস্পতিবার আপিল বিভাগের  রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে আপিল বিভাগের ১ নম্বর বেঞ্চে  বসবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ ৪ জন। অন্যরা হলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নুরুজ্জামান।

এ ছাড়া আপিল বিভাগের ২ নম্বর বেঞ্চে বসবেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান দেশ রূপান্তর জানান, রোববার থেকে ১ নম্বর ও ২ নম্বর- এ দুটি কোর্টে বিচার কাজ পরিচালিত হবে। সে অনুযায়ী মামলার কার্যতালিকা প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, ‘আপিল বিভাগে বর্তমানে ১৯ হাজারের বেশি মামলা রয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে ১টি কোর্টে বিচার কাজ পরিচালিত হয়ে আসছিল। মামলার জট নিরসনের জন্য প্রধান বিচারপতি আপিল বিভাগে দুটি কোর্ট গঠন করে দিয়েছেন। দুটি কোর্টে এখন থেকে বিচারকার্যক্রম চলবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত