লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগের সংঘর্ষ ও সদর হাসপাতালে ভাঙচুরের অভিযোগে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ যুবলীগের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা হয়েছে। গত বুধবার দুপুরে এ ঘটনায় আটক ১০ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে হাসপাতালে চিকিৎসারত আওয়ামী লীগের এক নেতার ওপর হামলা ঘটনায় পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয় এবং যুবলীগের ১০ নেতাকে আটক করা হয়। পরে রাতেই সদর থানার এসআই আবদুল আলীম বাদী হয়ে যুবলীগের ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন যুবলীগ নেতা মাহাবুবুল হক মাহবুব, রূপম হাওলাদার, ইকবাল হোসেন হিমেল, মিজানুর রহমান, আশিক মাহমুদ, আকিব খান, রেজাউল ইসলাম, সাইফুদ্দিন, আজগর আলী ও মোহাম্মদ আলী। তারা সবাই উপজেলা ও পৌর যুবলীগের কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার দিন দুপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
