নির্বাচন পরিচালনায় নেতৃত্বের সীমাহীন ব্যর্থতা ঢাকতে মনগড়া অভিযোগের ফিরিস্তি এবং পুনর্নির্বাচনের দাবি তুলে বিএনপি নতুন ষড়যন্ত্রের বীজ বপনের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপির নেতারা সম্পূর্ণ ব্যর্থ ও জনবিচ্ছিন্ন ছিলেন। অস্বাভাবিক পরিস্থিতি তৈরির উছিলা খুঁজে গায়েবি শক্তির হস্তক্ষেপের অপেক্ষায় নির্বাচনের দিকে মন না দিয়ে তারা ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছে, এখন পিঠ বাঁচানোর জন্য মনগড়া অভিযোগের আশ্রয় নিয়েছে।
নির্বাচনে হারলেই ফল প্রত্যাখ্যান বিএনপির পুরোনো রাজনৈতিক ‘বদ অভ্যাস’ উল্লেখ করে ইনু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফল ও হারা মাত্র প্রত্যাখ্যান করেছে বিএনপি।’
এ সময় ‘বাংলাদেশ এখনো জঙ্গি-জামায়াত-যুদ্ধাপরাধী-রাজাকার ও তাদের দোসরদের হুমকি থেকে মুক্ত নয়’ উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, দেশকে দুর্নীতি, বৈষম্য ও দেশবিরোধীদের হুমকি থেকে সম্পূর্ণ মুক্ত না করা পর্যন্ত জাসদের সংগ্রাম চলবেই।
সাংবাদিকদের ওপর হুমকি দেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা নির্ভয়ে কাজ করুন। কোনো হুমকি এলেই তথ্য মন্ত্রণালয়কে অবহিত করুন। শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার।’
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় অংশগ্রহণ করেন জাসদের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য শিরীন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি আফরোজা হক রীনাসহ জাসদ কেন্দ্রীয় ও মহানগর জাসদের নেতৃবৃন্দ।
