ফাফ দু প্লেসির শতক, টেম্বা বাভুমা ও কুইন্টন ডি ককের দুই অর্ধশতকে ক্যাপ টাউন টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে দক্ষিণ আফ্রিকা। বাড়ছে তাদের লিড।
পাকিস্তানের ১৭৭ রানের জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ৩৮২। এরই মধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ২০৫ রান। ডি কক ৫৫ ও ভের্নন ফিল্যান্ডার ৬ রানে অপরাজিত আছেন।
২ উইকেটে ১২৩ রান নিয়ে শুক্রবারের খেলা শুরু করা স্বাগতিকদের বড় সংগ্রহ পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধিনায়ক দু প্লেসি। পঞ্চম উইকেটে বাভুমার সঙ্গে গড়ে তুলেন ১৫৬ রানের কার্যকরী এক জুটি। এই জুটিতে দুইশো-তিনশো রানের কোটা পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
এই জুটিতে ফাটল ধরান শাহিন শাহ আফ্রিদি। টেস্ট ক্যারিয়ারে ত্রয়োদশ অর্ধশকতকের দেখা পাওয়ার পর এই পেসারের বলে কট-বিহাইন্ড হন বাভুমা। ফেরার আগে ১৬২ বলে ১০ চারে ৭৫ রানের ইনিংস খেলেন ছয় নম্বরে নামা এই ব্যাটার। প্রোটিয়াদের রান তখন ৫ উইকেটে ৩০৫।
ব্যক্তিগত ৯৬ রানেই উইকেট ছাড়া হতেন দু প্লেসি। মোহাম্মদ আব্বাসের বলে ফ্লিক করে কট-বিহাইন্ড হতে বসেছিলেন তিনি। কিন্তু বল জমাতে পারেননি উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। তবে টেস্টে নবম শতকের দেখা পাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি দু প্লেসি। দলীয় ৩৫৬ রানে শাহিন শাহর বলে সরফরাজের গ্লাভসবন্দি হন ডানহাতি এই ব্যাটার। ভাঙে কুইনটন ডি ককের সঙ্গে তার ৫১ রানের জুটি।
প্যাভিলিয়নের পথ ধরার আগে ১০৩ রান করেন দু প্লেসি। তার ২২৬ বলের ইনিংসটিতে রয়েছে ১৩টি চারের মার। ডি কক ও ফিল্যান্ডারের দৃঢ়তায় আর কোনো উইকেট হারায়নি স্বাগতিক দল।
পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন শাহ ১১২ রানে নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও শান মাদুদ।
