গল্পটি খুবই চেনা। বাসের যাত্রাপথে পরিচয় দুজনের, তারপর প্রেম। একপর্যায়ে গল্পে ভিলেন হয়ে হাজির মেয়ের বাবা। প্রেমটা ভেঙে যায়, মেয়েটির বিয়ে হয় বাবার পছন্দমতো পাত্রের সঙ্গে। কিন্তু ছেলেটি? অনেক দিন পর মেয়েটি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি ফিরছে। রাস্তার মোড়ে একটি পাগলকে দেখে গাড়ি থামাতে বলে ড্রাইভারকে। এরপরই ফ্ল্যাশব্যাকে চলে যায়, মেয়েটির সঙ্গে ছেলেটির পরিচয়, প্রেম এবং বিচ্ছেদের গল্প। আর সেই ছেলেটি বুকের বাঁ পাশে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে। এমন একটি সরল গল্পকেও নির্মাণের নান্দনিকতায় অনন্য করে তুলেছেন মিজানুর রহমান আরিয়ান। টেলিফিল্মের নাম ‘বুকের বাঁ পাশে’। ২০১৮ সালে সাড়া জাগানো টেলিফিল্মের মধ্যে এটি একটি। এনটিভিতে প্রচার হয়েছিল এই টেলিছবিটি। বর্তমানে ইউটিউবেও দেখা যাচ্ছে। অনলাইন দুনিয়ায় ভিউ দাঁড়িয়েছে ৮৭ লাখেরও বেশি। নির্মাতা আরিয়ানের আগে ‘বড় ছেলে’ টেলিফিল্মের মাধ্যমে ইউটিউবে তুমুল আলোচিত হয়েছিলেন। এরপর ‘বুকের বাঁ পাশে’ নিয়ে পর্দায় হাজির হওয়ার পর ‘বড় ছেলে’র নির্মাতাকে গ্রহণ করেন দর্শক। ‘বুকের বাঁ পাশে’ দর্শকপ্রিয় হওয়ার অন্যতম দিক টেলিফিল্মটিতে সংগীতের ব্যবহার। এই সময়ের বেশির ভাগ টিভি নাটকে যখন সংগীতের ব্যবহার হচ্ছে না বললেই চলে, সেখানে আরিয়ানের নির্মাণের অন্যতম দিক সংগীতের পরিমিত ব্যবহার। সংগীত পরিচালক এবং নির্মাতার মেলবন্ধন। টেলিছবিটিতে একই নামে গানও রয়েছে। ‘বুকের বাঁ পাশে’ শিরোনামে গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব। মূলত গানের মায়াবি কথা, সুরের জাদু দর্শককে টেলিছবির মাঝে জড়িয়ে নিয়েছে। এই সময়ের অনেক নির্মাতা বলেন, বাজেট স্বল্পতার জন্য নাটকে সংগীত পরিচালক এখন আর নেওয়া হয় না। কিন্তু আবহ সংগীত যে কীভাবে একটা নাটককে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে, সেটা তো হুমায়ূন আহমেদ তার নাটকে দেখিয়েছেন। অনেক দিন পর সংলাপ আর সুরের যুগলবন্দি দেখা গেল আরিয়ানের ‘বুকের বাঁ পাশে’ টেলিছবিতে।
তাই তো খুবই চেনা একটা সাধারণ গল্পের জার্নিও দর্শকের হৃদয়ে দাগ কেটেছে। এই টেলিছবির আরেকটি ইতিবাচক দিক হলো সিকোয়েন্স টু সিকোয়েন্স গল্পের সরল জার্নি। শর্ট ডিভিশন বেশ ভালো ছিল। অভিনয়ে আফরান নিশো ও মেহজাবিন দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে নিশোর পাগলের গেটআপে খুব বেশি ভালো লাগেনি। কৃত্রিমভাবে সাজানো এক পাগল মনে হয়েছে। তবে সিনেমাটোগ্রাফি ছিল মুগ্ধকর। সব মিলিয়ে সরল এক গল্পের হৃদয়ছোঁয়া নির্মাণ ‘বুকের বাঁ পাশে’।
এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, মম আলী, সুষমা সরকার, লুৎফর রহমান জর্জ, মাহাদী হাসান পিয়াল, বাপ্পি, শামীম, ইফরাহ, সামির প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ। সম্পাদনা করেছেন তৌফিকুল ইসলাম। সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার ও তাহসিন আহমেদ।
