নির্বাচনের স্বাধীন-নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১০:১৮ এএম

বাংলাদেশের ৩০ জানুয়ারির নির্বাচনের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বৈশ্বিক সর্বোচ্চ সংস্থা জাতিসংঘ। এই নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নির্বাচনে সহিংসতা ও অনিয়মের অভিযোগ করেছে বিরোধীরা।

নির্বাচনের আগে-পরে এবং নির্বাচনের দিনের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি এক ব্রিফিংয়ে এ দাবি জানান।

রয়টার্স জানায়, এই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট ৯০ ভাগের বেশি (প্রায় ৯৬ ভাগ) আসনে বিজয় লাভ করেছে। জালভোট, ভোটারদের ভয়ভীতি দেখানো এবং সহিংসতায় কমপক্ষে ১৯ নিহতের অভিযোগে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ।

বিরোধী দলগুলো নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। তবে শেখ হাসিনা এবং তার দল কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করে ভোট শান্তিপূর্ণ এবং উৎসবের আমেজে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে।

জাতিসংঘ বলেছে, ‘নির্বাচন সংক্রান্ত সব ধরনের সহিংস কর্মকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে স্বাধীন, নিরপেক্ষ এবং কার্যকর তদন্ত এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনা না করে জড়িতদের জবাবদিহি করার আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। তবে কারচুপির অভিযোগ এনে নতুন নির্বাচন দাবির পাশাপাশি শপথগ্রহণ থেকে বিরত থেকেছেন বিরোধী জোট থেকে বিজয়ীরা।

জাতিসংঘ বলছে, ‘প্রতিশোধমূলক হামলা চালানোর উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে, বিশেষ করে বিরোধী রাজনীতিকরা এর শিকার হচ্ছেন। শারীরিকভাবে আঘাত ও দুর্ব্যবহার, উদ্দেশ্যমূলক গ্রেপ্তার, নির্যাতন, গুম এবং ফৌজদারি মামলায় জড়ানোর মতো ঘটনা ঘটছে।’

বৈশ্বিক শীর্ষ সংস্থাটির দাবি, সংখ্যালঘুসহ বিরোধীদের ওপর সরকারি দলের লোকদের কর্তৃক মাত্রাতিরিক্ত সহিংস হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের খবর পাওয়া যাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নতুন করে প্রতিশোধমূলক হামলা বন্ধে এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে আইনের শাসন মেনে বিধিমোতাবেক তাদের শক্তি প্রয়োগ করে তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন ভূমিকা পালন এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলোও নির্বাচনের দিনের সহিংসতার নিন্দা এবং ব্যাপক অনিয়মের ঘটনাগুলো তদন্তের দাবি জানিয়েছে।

এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) নির্বাচনে ‘বিরোধীদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন... এবং মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করতে আইনের অপপ্রয়োগের’ কথা উল্লেখ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত