নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফী বিন মোর্ত্তজাকে মন্ত্রী করার দাবীতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে প্রায় ঘণ্টাব্যপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে মাশরাফী বিন মোর্ত্তজাকে মন্ত্রী করার দাবি জানিয় বক্তব্য রাখেন নড়াইলের সংস্কৃতি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুণ্ডু, সহ-সভাপতি আসলাম খান লুলু, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, পৌর কাউন্সিলর মো. রেজাউল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন, জাতীয় মহিলা পরিষদ নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নারীনেত্রী আঞ্জুমান আরাসহ অনেকে।
বক্তারা বলেন, আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত নড়াইল জেলায় স্বাধীনতার ৪৭ বছরেও কোন মন্ত্রী দেয়া হয়নি। দেশের চলমান উন্নয়নের ধারা হতে অনেকটাই পিছিয়ে থাকা নড়াইল জেলায় হিরের টুকরা মাশরাফিকে মন্ত্রী করার জোর দাবি জানান তারা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের সাথে ক্রীড়ামোদী, মাশরাফী ভক্তসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
