একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের বসানো সব অস্থায়ী নির্বাচনী ক্যাম্প খুব দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা থেকে নির্বাচিত রাশেদ খান মেননের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অপসারণকাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেননের একটি নির্বাচনী ক্যাম্প অপসারণ করেন।
সাঈদ খোকন বলেন, এর আগে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুনসহ অন্যান্য প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। এরই মধ্যে এসবের ৯৫ ভাগ অপসারণ করা হয়েছে।
এর পরও কোথাও নির্বাচনী প্রচারসামগ্রী দেখতে পেলে সিটি করপোরেশন কর্মকর্তা কিংবা সরাসরি তাকে অবহিত করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন বলে এ সময় জানান সাঈদ খোকন।
ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ‘আমরা রাজধানীর ফুটপাত দখল করে নির্মিত সব অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অপসারণ করতে চাই। যাতে পথচারীরা নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারেন এবং আমরা আমাদের শহর পরিষ্কার রাখতে পারি।’
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনসহ অন্যান্য কাউন্সিলর, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
