ছাত্রীর শ্লীলতাহানি কোচিং সেন্টারের পরিচালকের কারাদন্ড

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১১:৫১ পিএম

ছাত্রীর শ্লীলতাহানির দায়ে জেলার মিরপুরের ক্রিয়েটিভ কোচিং সেন্টারের পরিচালক আবদুল মালেককে (২৮) ১৫ দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি শহরের মজমপুর এলাকার বাসিন্দা। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামালের ভ্রাম্যমাণ আদালত গত শুক্রবার সন্ধ্যায় মালেককে সাজা দেয়। ইউএনও জানান, কোচিং শিক্ষক মালেক অভিযোগ স্বীকার করেন। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যমতে ওই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পরিচয় কিন্ডারগার্টেন নামে একটি শিশুশিক্ষা স্কুলের কক্ষে পরিচালিত ক্রিয়েটিভ কোচিং সেন্টারের পরিচালক গত শুক্রবার বিকেলে কোচিংয়ের অন্য শিক্ষার্থীদের বিদায় করে এসএসসি পরীক্ষার্থী এক মেয়ের সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তাকে আটক করে সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়। ওই ছাত্রীর বড় বোনের অভিযোগ, এভাবে বিধিবহির্ভূতভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কোচিং সেন্টারগুলোতে পড়তে আসা ছাত্রীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এ বিষয়ে কোচিং সেন্টারগুলোর ওপর নজরদারি বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অসন্তোষ প্রকাশ করেন কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের নেতা হাজী গোলাম মহসিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত