একাদশ সংসদ নির্বাচনের নানা অনিয়মের তথ্য-উপাত্ত বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে যত দ্রুত সম্ভব আরেকটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারের চাপ প্রয়োগে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকারবিরোধী এ জোট।
রোববার বিকেলে রাজধানীর গুলশানে হোটেল আমারিতে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বৈঠক শেষে দেশ রূপান্তরকে এসব জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
সূত্র জানায় বৈঠকে ঐক্যফ্রন্টের তিন প্রার্থী গোলাম মাওলা রনি, আফরোজা আব্বাস ও কনক চাঁপাকে দেখিয়ে ড. কামাল হোসেন কূটনীতিকদের বলেন, এই তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হামলার শিকার হয়েছেন।
বৈঠক শেষে কামাল হোসেন সাংবাদিকদের বলেছেন, নির্বাচনে অনিয়মের বিষয়ে দ্বিমত করেননি কুটনীতিকরা।
তিনি বলেন, বাংলাদেশের ৫০ বছর উদযাপন করার কথা সবাই মিলে। কিন্তু দুঃখের বিষয় নির্বাচন প্রক্রিয়াকে সরকার ধ্বংস করে দিয়েছে। জনগণের আকাঙ্ক্ষিত নির্বাচন হয়নি গত ৩০ ডিসেম্বর। তাই জাতীয় ঐক্যফ্রন্ট পুনর্নির্বাচনে দাবি করেছে।
জাতীয় ঐক্যফ্রন্টের অভিযোগ বিষয়ে কুটনীতিকরা কী বলেছেন জানতে চাইলে কামাল হোসেন বলেন, আমরা যেটা দেখেছি তারাও সেটা মনে করছেন।
পুনরায় নির্বাচনের জন্য কুটনীতিকরা সরকারকে চাপ দেবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমরা তো আবেদন রাখছি একটা ভালো নির্বাচনের জন্য। এ ক্ষেত্রে তারা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে, জনগণের শুভাকাঙ্ক্ষী হিসেবে কারো বিপক্ষে না।
বিকেল সোয়া ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, সাবিহ উদ্দিন আহমেদ, ড. আসাদুজ্জামান রিপন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ফাহিমা নাসরিন মুন্নী, তাবিথ আউয়াল মিন্টু, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, মহিলা দলের সভানেত্রী ও ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস, গোলাম মাওলা রনি, রুমানা মোরশেদ কনক চাঁপা প্রমুখ।
কূটনীতিকদের মধ্যে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি, জাপান, ইউএসএ, ইউকে, ফ্রান্স, মরক্কো, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ড, মালয়েশিয়া ও স্পেনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
