গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১০:৫৩ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নারী সংহতি। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেলে নারী সংহতি আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করা হয়।

নারী সংহতির সভাপতি শ্যামলী শীল বলেন, কোন নারী যদি তার স্বাধীনভাবে ভোটের অধিকার নিশ্চিত করতে চায়, তবে তাকে ধর্ষণের ভেতর দিয়ে যেতে হয়।

জনমনে শঙ্কা রয়েছে তিনি উল্লেখ করে বলেন, সরকারের নিরঙ্কুশ বিজয় জনগণের মাঝে কোন আনন্দের বার্তা নিয়ে আসছে না। বাংলাদেশ প্রতিটি জনগণ আজ নানা ধরনের ভয়ের মধ্যে আছে। কি কথা বললে কি ধরনের শাস্তি, কি ধরনের অত্যাচার তার ওপরে নেমে আসবে তা আমরা জানি না। ফলে, আমরা জানি না এই সরকারের কাছে বিচার চেয়ে কি লাভ। আমরা জানি না এই সরকারের কাছে বিচার চেয়ে আমরা কি পাব কি না।

নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি মর্যাদা নিয়ে বাঁচতে হয়, যদি নিরাপত্তা নিয়ে বাঁচতে হয় তাহলে বাংলাদেশের প্রতিটা এলাকায় নিজেদের রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। আমরা নারীদের প্রতি বরাবরই আহ্বান জানিয়েছি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করে তুলতে হবে।

মানববন্ধনে নারী সংহতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম তানিয়া বলেন, মাদক নিয়ে গত ছয় মাস ধরে জিরো টলারেন্স চলছে। কিন্তু কখনো দেখিনি ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স হয়েছে। সুবর্ণচরের ঘটনায় জিরো টলারেন্স হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সঙ্গে ধর্ষণের যে ঘটনা, এটি পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি নারী সংহতি পক্ষ থেকে বলতে চাই, এই নির্বাচন কোনোভাবেই নারীর জন্য নিরাপদ হয়নি, নারীর অধিকার রক্ষায় নির্বাচনটি হয়নি। অবিলম্বে সুবর্ণচরের ধর্ষণের ঘটনায় যারা দোষী, অভিযুক্ত, যারা আটক হয়েছেন এবং যারা হননি তাদের প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নারী সংহতির সহসভাপতি তাসলিমা আক্তার, সদস্য পপি রানী সরকার, লেখক অরূপ রাহী এবং ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট গোলাম মোস্তফা প্রমুখ। মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বরে একটি বিক্ষোভ মিছিল করে তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত