দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যদের ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগাম ঘোষণা ছাড়া আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বৈঠক করেন তারা।
বৈঠকে আরো অংশ নেন ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, বেগম সেলিমা রহমান, এম মোরশেদ খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, জ্যেষ্ঠ, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে মোয়াজ্জেম হোসেন আলাল দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন।
বৈঠকে অংশ নিলেও দেশ রূপান্তরের কাছে অস্বীকার করেছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। আব্দুল্লাহ আল নোমান বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে অংশ নেওয়া এক নেতা দেশ রূপান্তরকে জানান, নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণে তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। বিশেষ করে নির্বাচনের আগে ও পরে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের জামিন, আহতদের চিকিৎসাসহ সব সহযোগিতার বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন।
