সাতক্ষীরা তালায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে লোহার সিন্দুক। উপজেলার ইসলামকাটি ইউনিয়নের পুরাতন রেজিস্ট্রি অফিস ভবন অপসারণের কাজ করার সময় সোমবার বিকেলে সিন্দুকটি পাওয়া যায়।
তালাবদ্ধ সিন্দুকে কী আছে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। শত বছরের বৃদ্ধ ইসলামকাটি গ্রামের বাবু লাল ঘোষ জানান, জমিদার
সুরীন্দ্রনাথ চক্রবর্তী এখানে ব্যবসায়িক কাজে ভবনটি নির্মাণ করেছিলেন দেড় শ বছর আগে। ওই সময় তিনি বড় ব্যবসায়ী ছিলেন। ১৯২৬ সালে ওই ভবনে পোস্ট অফিস করা হয়। এরপর করা হয় রেজিস্ট্রি অফিস। ভারত ভাগের আগে জমিদার
সুরীন্দ্রনাথ চক্রবর্তী কলকাতায় মারা যান। তার পরিবারের সদস্য হাজার হাজার বিঘা সম্পত্তি ও বাড়ি ঘর ফেলে ভারতে চলে যান।
তিনি জানান, মাটির নিচে পাওয়া সিন্দুকে সে সময়ের মুদ্রা বা অন্য কিছু থাকতে পারে।
এদিকে, সিন্দুক পাওয়ার ঘটনা শুনে দেখার জন্য বিভিন্ন স্থান থেকে এলাকাবাসী ভিড় জমান। উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন।
তালা থানা পুলিশের ওসি মেহেদী রাসেল বলেন, সিন্দুকটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এর মধ্যে কী রয়েছে সেটি নিশ্চিতভাবে বলা যাবে না। তবে এখানে আগেকার সময়ে হিন্দুদের বসতি ছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে এটা হস্তান্তর
করা হবে।
