রাজনৈতিক দল হিসেবে এনডিএম-কে (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) নিবন্ধন দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা আপিল বিভাগে বহাল রয়েছে। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গতকাল সোমবার খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা জানান, সর্বোচ্চ আদালতের এ আদেশের ফলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাচ্ছে এনডিএম। এদিন আদালতে এনডিএমের পক্ষে শুনানি করেন আইনজীবী আখতার ইমাম ও রাশনা ইমাম। রায়ের পর রাশনা দেশ রূপান্তরকে বলেন, ‘এর ফলে হাইকোর্টের ওই রায় বহাল রইল। এখন আদেশের ১৫ দিনের মধ্যে এনডিএমকে নিবন্ধন দিতে হবে ইসিকে। কেননা হাইকোর্টের রায়ে ১৫ দিনের মধ্যে নিবন্ধন দিতে বলা হয়েছিল।’ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএমকে নিবন্ধন দিতে ইসিতে করা আবেদন বাতিল হলে গত বছর হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। আবেদনের শুনানি নিয়ে গত বছরের ৮ জুলাই রুল জারি করে হাইকোর্ট। রুলের শুনানি নিয়ে গত বছরের ২১ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এক রায়ে এনডিএমকে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেয়। পরে এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ইসি।
×
