ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ট্রাকের চালকসহ আরও দুইজন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, সকালে সরাতৈল নামক স্থানে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের পেছনে একই দিকে যাওয়া অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাকের চালক নিহত হন।
আহত হন অপর ট্রাকের চালকসহ আরও ২ জন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
