দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ অসাংবিধানিক ও বেআইনি দাবি করে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদের সচিবকে দেওয়া নোটিশে ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে এমপিদের শপথ বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন।
এতে বলা হয়, ২৮ জানুয়ারি দশম জাতীয় সংসদের পাঁচ বছর পূর্ণ হবে। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গত ৩ জানুয়ারি নতুন এমপিরা শপথ নিয়েছেন যা আইনের চোখে অচল ও বেআইনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৯৮ আসনের মধ্যে ২৮৮টি পেয়ে নিরঙ্কুশ বিজয় পেয়েছে। মহাজোটেরই শরিক জাতীয় পার্টি লাঙল প্রতীকে ২২টি আসন নিয়ে সংসদের বিরোধী দল হয়েছে।
গত বৃহস্পতিবার নতুন এমপিরা শপথ নিয়েছেন। সোমবার শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রিসভা।
অবশ্য মাত্র ছয়টি আসন পাওয়া বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে এবং শপথগ্রহণ থেকে বিরত রয়েছে।
বিরোধী জোট অনিয়মের তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি করেছে। তবে সেই সম্ভাবনা আগেই নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
