ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রায় দুই কেজি খাসির মাংস খেয়ে ফেলেছিলেন এক যুবক। সেটিই কাল হলো তার জন্য। অতিরিক্ত মাংস খাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। পশ্চিমবঙ্গের সন্দেশখালি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সোমবার সকালে বারাসত জেলা হাসপাতালে মারা যান গৌতম মণ্ডল (৩৩) নামে এ যুবকের। পেশায় তিনি একজন মৎস্যজীবী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অত্যধিক পরিমাণে খাসির মাংস খাওয়ার ফলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় গৌতমের। ফলে কার্ডিয়াক অ্যাটাক হয়েই মৃত্যু হয়েছে তার।
গৌতমের আত্মীয় কৌশিক মণ্ডল বলেন, ১ জানুয়ারি নতুন বছর উপলক্ষে একটি বড় খাসি কাটা হয়েছিল। এতে প্রায় সাত থেকে আট কেজি মাংস হয়। এর তিন ভাগের এক ভাগ পেয়েছিলেন তার ফুফাতো ভাই গৌতম।
তিনি জানান, গৌতমের পরিবারে তার স্ত্রী ও আড়াই বছর বয়সী সন্তান থাকলেও এ পরিমাণ মাংস খাওয়ার আর কেউ ছিল না। তার স্ত্রীও কোনো কারণে সেদিন মাংস খাননি। ফলে দুই বেলা দুই কেজির চেয়ে বেশি মাংস একাই খেয়ে ফেলেন গৌতম।
পরদিন থেকে তার তার শরীরের নানা ধরনের ব্যথা শুরু হয়। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ খেলেও বুকে চাপ অনুভব করতে থাকে। শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। পরবর্তীতে বারাসত জেলা হাসপাতালে আইসিসিইউতে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান।
হাসপাতাল সুপার ডা. সুব্রত মণ্ডল বলেন, আগে থেকেই কোলেস্টেরলের সমস্যা ছিল গৌতমের। একসঙ্গে অত্যধিক মাংস খাওয়ায় সেটির মাত্রা আরও বেড়ে যায়। ফলে তার কার্ডিয়াক অ্যাটাক হয়। শেষ মুহূর্তে হাসপাতালে আনায় তাকে আর বাঁচানো যায়নি।
