জলাশয়ে ভাসছে আপেল-কমলা-মাল্টা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ০৮:৫৩ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী একটি জলাশয়ে ভাসছে আপেল, কমলা ও মাল্টাসহ বিভিন্ন ফল। একটি ফল বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী জলাশয়ে গিয়ে পড়ায় এই দৃশ্যের অবতারণা হয়। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি। অপর নিহত ব্যক্তি জসিম (৩০) তিতাস উপজেলার কেশবপুর গ্রামের রেনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকজন ব্যবসায়ী ফেনী থেকে পাইকারি ফল কিনে পিকআপ ভ্যানে করে বাতাকান্দি বাজারে আসার পথে মহাসড়কের পুটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জলাশয়ে পড়ে যায়। এতে চালকসহ দুজন ঘটনাস্থলে মারা যান। আহত হন তিনজন।

স্থানীয়দের সহযোগিতায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

আহতরা হলেন- তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের জাফর আলীর ছেলে সাখাওয়াত (৫৫), কেসবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবুল বাসার (৩৫) ও হোমনা উপজেলার জগন্নাথকান্দি গ্রামের আবদুল হকের ছেলে জীবন (২৮)।

আহত জীবন মিয়া বলেন, ‘আমাদের গাড়িটি খুব দ্রুত চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের জলাশয়ে পড়ে যায়। এরপর কী হয়েছে আর বলতে পারব না।’

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত