বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নির্মিত হচ্ছে ভারতে

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০৮:০৪ পিএম

ভারতের আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম নাম শুনেননি এমন কম ক্রিকেটপ্রেমীই আছেন। যারা চিনেননি না বা নাম শুনেননি তারাও জেনে যাবে মোতেরার নাম। কারণ বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম হতে যাচ্ছে এটি।

এনডিটিভি জানায়, সরদার প্যাটেল গুজরাট স্টেডিয়াম নামে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে মোতেরার এ স্টেডিয়াম। কাজ শেষেই ইতিহাসে জায়গা করে নিবে এটি।  নির্মাণাধীন স্টেডিয়ামের ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ স্বপ্নের প্রকল্পের কথা জানান গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) ভাইস-প্রেসিডেন্ট পরিমল নাথওয়ানি।

তিনি বলেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) থেকেও বড় হতে চলেছে এই স্টেডিয়াম। জিসিএ'র স্বপ্নের এ স্টেডিয়ামের কাজ শেষ হলে নিঃসন্দেহে গোটা দেশের জন্য গর্ব হয়ে উঠবে এটি।

২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত স্টেডিয়ামটিতে ২৩টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ আয়োজিত হয়েছে। এরপরেই এটি ভেঙ্গে ফেলা হয় নতুন করে গড়তে।

১৯৮২ সালে তৈরি হয় মোতেরা স্টেডিয়াম। পরের বছরেই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির যাত্রা শুরু হয়। তখন এর বসার জায়গা ছিল প্রায় ৫০ হাজার।

১৮৫৩ সালে তৈরি হওয়া এমসিজিতে দর্শকের বসার জায়গা এক লাখ ২৪ জন। এবার সেই এমসিজিকেও ছাপিয়ে যেতে চলেছে আহমেদাবাদের এ স্টেডিয়াম। বর্তমানে এর আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার।

ভারতের এই মহাপরিকল্পনার দায়িত্ব পেয়েছে এমসিজির নির্মাণ প্রতিষ্ঠান এমএস পপুলাস। ৬৩ একর জমির ওপর বানানো হচ্ছে স্টেডিয়ামটি।

স্টেডিয়ামটির সঙ্গে ক্রিকেটের বেশ কিছু ভাল স্মৃতিও রয়েছে। যেমন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার টেস্ট ক্রিকেটে তার ১০ হাজার রান পূর্ণ করেছিলেন এখানেই। শচীন টেন্ডুলকর তার প্রথম টেস্ট ডবল সেঞ্চুরিটিও করেছিলেন এই মোতেরায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত