পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলাকালে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পুলিশের গুলিতে একজন গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার ঘটনা দেশে বিরাজমান নৈরাজ্যেরই প্রতিচ্ছবি।
সাভার, গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান পোশাক শ্রমিকদের বিক্ষোভে মঙ্গলবার এক শ্রমিক নিহত হওয়ার পর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, এ দেশে প্রতিবাদ-সভা-সমাবেশের মতো গণতান্ত্রিক অধিকার কোনোভাবে সহ্য করা হবে না। শ্রমিকদের যৌক্তিক দাবি দাওয়ার প্রতি তাচ্ছিল্য ও অবহেলাই নয় এখন তাদের ন্যায্য দাবিকে দমাতে নিষ্ঠুর দমননীতি অবলম্বন করছে সরকার।
বিবৃতিতে তিনি বলেন, দেশ শোক-সংকটে নিমজ্জমান, এই অরাজক পরিস্থিতির অবসান ঘটাতে হবে। জনগণের ঐক্যই আমাদের একমাত্র ভরসা। এই ঐক্যের ওপর ভর করে আমরা গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার করব।
তিনি অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি নিহত শ্রমিক সুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা জানান।
