সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। ৯ জানুয়ারি ভোররাতে দুর্ঘটনাটি ঘটে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন অহনার বোন ইয়াসমীন মিতু।
জানা যায়, গতরাতে পুরান ঢাকার একটি অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে ড্রাইভ করে উত্তরার বাসায় ফিরছিলেন অহনা। উত্তরা ৭ নম্বর সেক্টরে লেক ড্রাইভ রোডে রাত সোয়া তিনটার দিকে পাথর বোঝাই একটি ট্রাক অহনার গাড়িকে চাপা দিলে অহনা উত্তেজিত হয়ে গাড়ি থেকে বের হয়ে ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বলেন।
কিন্তু ট্রাক চালক পেছনের গিয়ারে দিয়ে অহনার গাড়িকে আবারও চাপা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে অহনা ট্রাকচালকের দরজায় উঠে তাকে নামতে জোর করেন। চালক তার কথায় পরোয়া না করে গাড়ি টান দেয়। অহনা তখন চালকের জানালা ধরে ঝুলতে থাকেন।
তিনি আরও জানান, ট্রাকটি ১২ নম্বর সেক্টরে গিয়ে অহনাকে ফেলে দিতে জোরে বাঁক নেয়। কিন্তু সামলাতে না পেরে ট্রাকটিই বাম দিকে উল্টে পড়ে যায়। অহনা ছিটকে গিয়ে পাথর কুচির ওপর পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে আজ দুপুরে উত্তরা থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন মিতু। অহনা বর্তমানে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা বেশ খারাপ। দুর্ঘটনায় তার কোমরের হাড়ের সংযোগস্থল সরে গেছে। তার পিঠও থেঁতলে গেছে।
অহনার সর্বশেষ অবস্থা জানতে যোগাযোগ করা হলে দেশ রূপান্তরকে অহনার মা মিসেস বিউটি বেগম বলেন, ‘অহনার শারীরিক অবস্থা এখন ভালো না। ও কথা বলতে পারে না। সবার কাছে তার জন্য দোয়া চাই।
