সুস্থ মানুষ ৩০ ডিসেম্বরের মতো নির্বাচন করতে পারে না: কামাল হোসেন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৮:০৮ পিএম

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘রাজ চালাকি’র নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, কোনো সুস্থ মানুষ এরকম নির্বাচন করতে পারে না।

এ অবস্থায় সংবিধানের মধ্যে থেকে একটি সুষ্ঠু নির্বাচনের পথ বের করতে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন কামাল হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গণফোরামের উদ্যোগে ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব বলেন।

কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বলতেন, ‘তোমরা রাজ চালাকি থেকে বিরত থাকো’। রাজ চালাকির কারণেই আমরা রাজনীতি থেকে সরে যাচ্ছি।

তিনি বলেন, ৩০ ডিসেম্বরের মতো নির্বাচন অসুস্থ মানসিকতার পরিচয়। এটা মেনে নেওয়া যায় না। মানসিকভাবে ভারসাম্য না হারালে কেউ এসব করতে পারে না। চুপি চুপি রাতে কী হলো আর সকালে বলে দিল হয়ে গেছে, এটা কোনো স্বাধীন, সার্বভৌম দেশে হওয়ার কথা নয়।

সরকারকে উদ্দেশ্য করে ড. কামাল হোসেন বলেন, গত ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে সে নির্বাচনকে কেউ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলবে না। আসুন বছরের প্রথম দিকেই সংকট সৃষ্টি না করে ৩০ ডিসেম্বর কী করেছেন তা জাতিকে জানান। সবার সঙ্গে জাতীয় সংলাপ করুন।

৩০ ডিসেম্বর ‘কোনো ভোট হয়নি’- এমন দাবি করে তিনি বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে যা ঘটানো হয়েছে তা স্বাধীনতার ৪৮ বছরে দেখতে হচ্ছে। এটা দুঃখজনক। এটা হওয়ার কথা নয়। আমি তো সরলভাবে বলেছিলাম, ভাই সকালে সকালে গিয়ে ভোট দেবেন। টেলিভিশন বলছে, কামাল হোসেন বুঝতে পারছেন না ঘটনা তো রাতেই ঘটে গেছে। ২৯ তারিখ রাতেই।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণেফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবু সাইয়িদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসা আমিন, মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান, অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক, অবসরপ্রাপ্ত মেজর আসাদুজ্জামান প্রমূখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত