যুক্তরাষ্ট্রের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চান কিম

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১২:০৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় বৈঠকে পরমাণু ইস্যুতে ফলপ্রসূ আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে এ বৈঠকে সমর্থনের কথা জানিয়েছে চীন। বেইজিংয়ে আকস্মিক সফরে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন কিম। এদিকে তিন দিনের সফর শেষে বুধবার বিশেষ ট্রেনে দেশে ফিরেছেন তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো চীন সফর করলেন উত্তর কোরীয় নেতা।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, কিম বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে এমন ফলাফল অর্জন করতে চান যাকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বাগত জানাবে। এ সময় শি জিন পিং বলেন, দুই দেশের মধ্যে ফলপ্রসূ বৈঠক এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের যেকোনো উদ্যোগে তার দেশ সমর্থন দেবে। ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বৈঠকের আগে কিমের এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ বৈঠকের সময় নির্ধারিত না হলেও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন গতকাল বৃহস্পতিবার বলেছেন, শিগগির দুই দেশের মধ্যে বৈঠক হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সাম্প্রতিক শান্তি আলোচনায় মধ্যস্থতা করছেন তিনি। গত বছর জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠক হলেও পরমাণু নিরস্ত্রীকরণ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত