প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিশ্বাস নিয়ে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, সবাইকে সঙ্গে নিয়ে তার প্রতিদান দিতে চান নতুন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। পরে সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং সবার সঙ্গে পরিচিত হন খালিদ মাহমুদ।
মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভূ-রাজনীতিতে বন্দরগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই নৌ মন্ত্রণালয় বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে প্রধানমন্ত্রী যে উচ্চতায় ও সম্মানের জায়গায় নিয়ে গেছেন এই সম্মান ধরে রাখার ক্ষেত্রে এই মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
