রাষ্ট্রায়ত্ত সোনালী ও বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির মামলার দুই আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। তারা হলেন সোনালী ব্যাংকের মামলায় নারায়ণগঞ্জের মেসার্স সীমা নিটওয়্যার অ্যান্ড ডাইং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আবদুর রশিদ মিয়া ও বেসিক ব্যাংকের মামলায় মেসার্স ইকসল ফুড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম।
আলাদা আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত ইকসল ফুডের এমডি সাইফুলের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ ও সীমা নিটওয়্যারের চেয়ারম্যান রশিদকে মামলা থেকে অব্যাহতির আদেশ বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, বেসিক ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ঋণ নেওয়ার মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ গত বছরের ১৫ মে সাইফুলকে জামিন ও রুল দেয়। এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ১৫ জুলাই এক আদেশে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে দুই সপ্তাহের মধ্যে সাইফুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। তিনি বর্তমানে পলাতক আছেন।
