গল্পটা একজন প্রেমিক তার প্রেমিকাকে সিনেমার নায়িকা হিসেবে তৈরি করার গল্প। যে গল্পে রয়েছে প্রেমিকাকে হারানোর বেদনা। সাধারণ প্রেমিকা থেকে পর্দার নায়িকা হলে যেমনটা ঘটে, ভুলে যায় আসল প্রেমিককে। নতুন স্বপ্ন বোনা হয় পর্দার নায়কের সঙ্গে। মূলত সেই বিরহের গল্পই উঠে এসেছে ‘পথের কাঁটা’ শিরোনামের গানটির ভিডিওতে।
সিএমভি’র ইউটিউব চ্যানেলে ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে এই গল্পনির্ভর গানটির ভিডিও। সাদমান পাপ্পুর গাওয়া এই গানটি লিখেছেন ও সুর করেছেন মাসুম তাসলিম। সংগীতায়োজনে ছিলেন শাহরিয়ার রাফাত। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন সাব্বির অর্ণব, রুহি আফরোজ ও আনান খান।
গান প্রসঙ্গে শিল্পী সাদমান পাপ্পু দেশ রূপান্তরকে বলেন, ‘এ বছর আমি অনেকগুলো গান নিয়ে হাজির হব। এ গানটি তার মধ্যে দ্বিতীয়। আমার অনেক প্রিয় একটি গান। গানটির সঙ্গে দারুণ একটা গল্প তৈরি হলো ভিডিওটির মাধ্যমে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
