গির্জা, স্কুল ও ফাদার রিগানের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০৬:১৬ পিএম

ঘর-বাড়ি, দোকানপাটের পর এবার মোংলায় ক্যাথলিকদের গির্জা, মিশনারি স্কুল ও প্রয়াত ফাদার মারিনো রিগানের বাড়িতেই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা শেহলাবুনিয়ার খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উপাসনালয় ক্যাথলিক গির্জার সিন্দুক, দান বাক্স, স্কুলের দরজার হ্যাজবোল্ট, আলমারি ও ফাদার রিগানের বাড়ির অন্তত ১৫টি তালা ভেঙে নগদ টাকার পাশাপাশি মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ছাড়া ধর্মগ্রন্থ, প্রসাদসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ফেলে রেখে যায়।

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মোংলা-রামপাল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মো: খায়রুল আলম।

সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র হালদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তিনতলা বিশিষ্ট স্কুল ভবনের পূর্ব পাশের লোহার গেটের হ্যাজবোল্ট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অফিস কক্ষের দরজা ও আলমারির তালা ভেঙে নগদ ১৪ হাজার টাকা নিয়ে যায়।

সেন্ট পলস ক্যাথলিক গির্জার পুরোহিত সেরাফিন সরকার জানান, একই রাতে গির্জার পেছনের প্রধান দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে সিন্দুক ও দান বাক্সের তালা ভেঙে টাকা-পয়সা নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা সিন্দুকের মধ্যে থাকা ধর্মগ্রন্থ, প্রসাদসহ মূল্যবান মালামাল তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। তবে গির্জা থেকে কি পরিমাণ টাকা খোয়া গেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেননি পালক পুরোহিত সেরাফিন সরকার।

চুরির ঘটনাটি জানাজানির পর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকা পরিদর্শন করেছেন মোংলা-রামপাল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার খায়রুল আলম। এ সময় তিনি বলেন, অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র হালদার ও গির্জার পুরোহিত সেরাফিন সরকার জানান, যেহেতু এটি মিশনারি প্রতিষ্ঠান সেহেতু মিশনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করেই অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রিগান পাড়ার বাসিন্দা টুটুল বিশ্বাস বলেন, প্রয়াত ফাদার মারিনো রিগান দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় শেহলাবুনিয়ার এই মিশন বাড়ি অর্থাৎ ফাদার বাড়িতে থাকতেন, সেন্ট পলস স্কুল দেখাশোনা করতেন এবং এই ক্যাথলিক গির্জার পুরোহিতও ছিলেন। এই গির্জার সম্মুখেই তাকে সমাহিত করা হয়েছে। তারই তত্ত্বাবধানে করা গির্জা ও স্কুলে এবং ব্যবহৃত বাড়িতে যে চুরির ঘটনা ঘটেছে তা অত্যন্ত দু:দুঃখজনক। 

সম্প্রতি পৌর শহরের শেহলাবুনিয়া, মিশন বাড়ি, পূর্ব কবরস্থান রোড, বটতলা, জয়বাংলা, সিগনাল টাওয়ার, গিয়াস উদ্দিন সড়ক, কলেজ রোড, দিগরাজ, বন্দর কলোনিসহ বিভিন্ন জায়গায় একের পর এক চুরি সংগঠিত হলেও এ পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর কিংবা এর সঙ্গে জড়িতদের কেউই আটক হয়নি। শহর ও শহরতলি জুড়ে ধারাবাহিক চুরির ঘটনায় আতঙ্কিত এখানকার বাসিন্দারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত