বাবা-মা খুনের তিন মাস পর জীবিত উদ্ধার কিশোরী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১০:২৬ পিএম

তিন মাস ধরে নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রের ১৩ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গত বছর অক্টোবরে নিজেদের বাড়িতে ওই কিশোরীর বাবা-মা খুন হন। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বিবিসি জানিয়েছে, জেমি ক্লোজ নামের ওই কিশোরীকে বৃহস্পতিবার সন্ধ্যায় উইসকনসিন এলাকা থেকে উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, খুনি সন্দেহে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গর্ডনের একটি বাড়ি থেকে অপরিষ্কার অবস্থায় জেমিকে উদ্ধার করা হয়।

জেমি এত দিন কোথায় ছিলেন, আর কীভাবেই বা তাকে উদ্ধার করা হল সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু বলেনি।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, জেমিদের বাড়ি থেকে প্রায় ছয় মাইল দূরে একটি বাড়িতে তাকে পাওয়া যায়।

গর্ডনের এক নারী জেমিকে দেখার পর স্থানীয় এক শিক্ষকের বাড়িতে নিয়ে যান। পরে ওই শিক্ষক পুলিশে ফোন করেন।

এএফপি জানিয়েছে, শিক্ষকের বাড়িতে জেমি প্রায় ২০ মিনিটের মতো ছিলেন। পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

২০১৮ সালের ১৫ অক্টোবর জেমির বাবা-মা খুন হন। পুলিশ সেদিন ঘটনাস্থলে এসে লাশ ছাড়া কাউকেই পায়নি। এরপর থেকে জেমিকে খোঁজ করা হচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত