‘বাংলা চলচ্চিত্রকে সম্মানজনক স্থানে নিয়েছেন মৃণাল সেন’

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০২:৪৫ এএম

বাংলা চলচ্চিত্রকে যারা সম্মানজনক স্থানে নিয়ে গেছেন তাদের মধ্যে মৃণাল সেন অন্যতম। সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটকের পাশাপাশি বাঙালি আজীবন মৃণাল সেনকে স্মরণ করবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এক স্মরণসভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ কথা বলেন। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন স্মরণে শিল্পকলা একাডেমি, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম যৌথভাবে এ আয়োজন করে।

শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ সভা হয়। এতে উপস্থিত ছিলেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সভাপতি প্রেমেন্দু মজুমদার, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন, শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুর রহিম, নির্মাতা আকরাম খান প্রমুখ।

মৃণাল সেন গত ৩০ ডিসেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার জন্ম ১৯২৩ সালের ১৪ মে ফরিদপুরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত