চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে হাত পা বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।
মরদেহটি সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামের আজিজুর রহমানের মেয়ে মৌসুমী খাতুনের (৩৫) বলে জানা গেছে।
রবিবার সকালে স্থানীয়রা মৌসুমী খাতুনের মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, সকাল সোয়া ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি (তদন্ত) জানান, ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, মৌসুমীর বাড়ি আতাহার এলাকায় হলেও সে রেল বস্তিতে বসবাস করত।
