খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজকে জিজ্ঞাসা করবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১০:৪৪ পিএম

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে নতুন করে জানতে চাইবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বিবিসি জানায়, পম্পেও এখন মধ্যপ্রাচ্য সফরে আছেন। ইতোমধ্যে তিনি ইরাক, জর্দান, মিশর ও বাহরাইন সফর সম্পন্ন করেছেন। খাশোগি হত্যাকাণ্ডের তিন মাস পর এ সফরে বের হলেন তিনি।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে কৌশলগত সম্পর্ক উন্নয়নে এক সংলাপ শেষে দোহায় এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, ‘খাশোগি হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে নতুন করে সৌদি যুবরাজকে জিজ্ঞাসা করা হবে।’

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি।

তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা দায়বদ্ধ সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সৌদি যুবরাজের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।’ 

প্রসঙ্গত, বিয়ে সংক্রান্ত কাজে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন খাশোগি। শুরুতে তার নিখোঁজের অভিযোগ অস্বীকার করে সৌদি।

তবে সংবাদমাধ্যমে তুর্কি গোয়েন্দাদের একের পর এক ‘তথ্য ফাঁসের’ মুখে ১৯ অক্টোবর খাশোগি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। যদিও এর সঙ্গে সৌদি যুবরাজের কোনো সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত