জাহিদের দাড়ি দেখেই বুঝে ফেললেন তিনি সন্ত্রাসী?

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১০:১৮ এএম

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এর পরপরই সিনেমাটি ইসলামকে হেয় করছে এমন গুজব উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

মূলত জাহিদ হাসানের মুখে দাড়ি ও কপালে সিজদার দাগ এবং নুসরাত ইমরোজ তিশার হিজাবের ছবি নিয়ে এমন গুঞ্জন। বলা হচ্ছে, হোলি আর্টিজান হামলায় যুক্ত জঙ্গিরা ইসলামি লেবাসে না থাকলেও সিনেমায় সেটি দেখা হচ্ছে।

বিষয়টি ভাইরাল হতেই মনোযোগ কাড়ে নির্মাতা ফারুকীর। এ বিষয়ে রবিবার তার প্রতিষ্ঠান ছবিয়ালের ফেসবুক পাতায় একটি বিবৃতি প্রকাশ করা হয়।

সেখানে ভুলভাল ও মনগড়া ব্যাখ্যা দ্বারা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়। প্রশ্ন তোলা হয়, জাহিদ হাসানের মুখে দাড়ি দেখেই কিভাবে বুঝে ফেললেন তিনি সন্ত্রাসী?

পুরো বিবৃতিটি এমন- “শনিবার বিকেল’ ছবির কিছু স্থিরচিত্র দিয়ে অনলাইনে কিছু মানুষ ভুলভাল এবং মনগড়া ব্যাখ্যা দিচ্ছেন। এই সব বিভ্রান্তির ব্যাপারে আমরা আমাদের দর্শকদের সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। গল্প সম্পর্কে কিছু না জেনে, সিনেমা না দেখেই কেউ কেউ আপন কল্পনায় গল্প তৈরি করে ফেলছেন। তারা বলছেন, সন্ত্রাসীদের মুখে দাড়ি এবং মাথায় হিজাব দিয়ে কী বোঝানো হচ্ছে! আমাদের প্রশ্ন হলো, তারা জাহিদ হাসানের মুখে দাড়ি দেখেই কীভাবে বুঝে ফেললেন তিনি সন্ত্রাসী? দাড়ির সাথে সন্ত্রাসের কী সম্পর্ক? তিনি তো পুলিশও হতে পারেন!

এখন এক দল মানুষ একেকবার একেক রকম জিনিস কল্পনা করে প্রতিবাদ শুরু করবেন, আর আমরা এসে খোলাসা করতে থাকবো, ‘না ভাই, এটা এ রকম না, এটা আসলে এইরকম?’ এই করতে করতে এক সময় পুরা গল্পটাই তাদেরকে বলে দেই? কারণ তারা তো অনলাইন অ্যাকটিভিস্ট, কষ্ট করে তো আর হলে যাবেন না সিনেমা দেখতে। তাহলে তাদের সুবিধার্থে অনলাইনেই পুরো গল্পটা লিখে দেই আমরা?

যারা এই অপপ্রচার করছেন তাদেরকে বলছি ধৈর্য ধারণ করে ছবি দেখে তারপর কথা বললে ব্যাপারটা স্বাস্থ্যকর হবে।

সকলকে ধন্যবাদ।”

বাংলাদেশ-ভারত-জার্মানির অর্থায়নে নির্মিত ‘শনিবার বিকেল’-এ আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, মামুনুর রশীদ, ইয়াদ হুরানি ও ভারতের কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটি মুক্তি পাবে মাস কয়েকের মধ্যেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত