ড্রোন হামলায় ইয়েমেনের সামরিক গোয়েন্দা প্রধান নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১১:৪৭ এএম

হুথি বিদ্রোহীদের ড্রোন হামলায় নিহত হলেন ইয়েমেনের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ সালেহ তাম্মাহ।

মঙ্গলবার দেশটির দক্ষিণ লাহিজ প্রদেশে সামরিক ঘাঁটিতে প্যারেড চলাকালীন ভয়াবহ এ হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তাম্মাহ।

চিকিৎসকদের সূত্রে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু জানায়, রোববার উপকূলীয় শহর অ্যাডেনের এক হাসপাতালে মারা যান মেজর জেনারেল তাম্মাহ। উন্নত চিকিটসার জন্য বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তাকে।   

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশ ও জাতির ঐক্যে শহিদ তাম্মাহ অসামান্য ভূমিকা রেখে গেছেন।

এ হামলায় চার সৈন্য নিহত হয় এবং নিহতের সংখ্যা ছিল ১০ জন। আহতের মধ্যে ছিলেন কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও।

আল-আনাদের এক সামরিক ঘাঁটিতে প্যারেড চলার সময় ড্রোন চালিয়ে বড় ধরনের হামলা চালায় বিদ্রোহীরা। এতে বিস্ফোরণে পুরো এলাকা প্রকম্পিত হয়।

শিয়া গোষ্ঠী হুথি নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল মাসিরাহ জানায়, বাইরের শক্তির সামরিক নেতৃবৃন্দকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে ক্ষমতা থেকে সরিয়ে রাজধানী সানা দখল করে নেওয়ার পর এই গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি জোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত